গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে ঢাকার দক্ষিণ সিটিতে
রাজধানীতে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে নির্মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজের কারণে গ্যাসের সরবরাহ কমায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আজ রোববার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন পিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে, যা ভোগান্তিতে ফেলেছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। তবে নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।