গুলশানে স্বেচ্ছাসেবক লীগ নেতার গুলির ঘটনায় মামলা
রাজধানীর গুলশানে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পিস্তলের গুলিতে দুজন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
গুলিতে আহত আমিনুল ইসলাম আজ সোমবার সকালে গুলশান থানায় মামলাটি করেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকির প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুল ওয়াহিদ ওরফে মিন্টুসহ তিনজনকে আসামি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন—আরিফ হোসেন ও তাঁর ভগ্নিপতি মনির আহমেদ।
গুলশান থানার এসআই শাকির প্রথম আলোকে বলেন, আমিনুলের করা মামলার তিন আসামি গ্রেপ্তার আছেন। তাঁদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল রোববার বিকেলে গুলশান-১ নম্বর গোলচত্বরের কাছে গুলশান শপিং সেন্টারের নিচে গুলির ঘটনাটি ঘটে। গুলিতে আহত হন গাড়িচালক আমিনুল ইসলাম ও ভ্যানচালক আবদুর রহিম মিয়া। ঘটনার পরপরই পিস্তলসহ আবদুল ওয়াহিদকে আটক করে পুলিশ। একই সঙ্গে মনির ও আরিফকেও আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে গুলশান শপিং সেন্টারের নিচতলার আলফা জেনারেল স্টোরে ওমানপ্রবাসী আরিফ হোসেন নামের এক যুবক আসেন। তিনি দোকানিকে তিনটি মুঠোফোন নম্বরে বিকাশে মোট ৭৫ হাজার টাকা পাঠাতে বলেন। আরিফের কথামতো দোকানি হাবিবুর রহমান তিনটি মুঠোফোন নম্বরেই টাকা পাঠান। এরপর আরিফ দোকানিকে বলেন তাঁর কাছে টাকা নেই। এ নিয়ে দোকানির সঙ্গে বিতণ্ডার একপর্যায়ে আশপাশের অন্য দোকানিরা আরিফকে আটক করেন। আরিফ বিষয়টি মুঠোফোনে তাঁর ভগ্নিপতি মনির আহমেদকে জানান। কিছুক্ষণ পর মনির তাঁর ঘনিষ্ঠ আবদুল ওয়াহিদকে নিয়ে ঘটনাস্থলে আসেন। ওয়াহিদ এসে টাকা পরিশোধ না করেই আরিফকে নিয়ে যেতে চাইলে ব্যবসায়ীরা এক জোট হয়ে বাধা দেন।
পুলিশ ও গুলশান শপিং সেন্টারের দোকানিরা জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়াহিদ একপর্যায়ে ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করেন। পুলিশ ও প্রশাসনে তাঁর লোক আছে, কেউ তাঁর কিছু করতে পারবে না—এমন হুমকিও দেন। কিন্তু ৭৫ হাজার টাকা পরিশোধ না করলে আরিফকে ছাড়া হবে না, ব্যবসায়ীরা এমনটি জানিয়ে দেন। তর্কবিতর্কের একপর্যায়ে ওয়াহিদ পকেট থেকে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে জটলার মধ্যে থাকা একজন গাড়িচালক ও ভ্যানচালক গুলিবিদ্ধ হন। তখন ওয়াহিদ দৌড়ে শপিং সেন্টারের পাশের একটি রেস্তোরাঁয় ঢুকে পড়েন। সেখানেও পিস্তল বের করে লোকজনকে হুমকি দিতে থাকেন। পরে পুলিশ এসে ওয়াহিদ, মনির ও আরিফকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।
ঘটনার পর গুলিতে আহত আমিনুল ও রহিমকে পুলিশের তত্ত্বাবধানে গুলশানের দুটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, আমিনুল ও রহিম দুজনেরই পায়ে গুলি লেগেছে। এর মধ্যে আমিনুল গুরুতর আহত হয়েছেন। আর রহিমকে গতকাল রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
পুলিশ জানায়, যে পিস্তল দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল ওয়াহিদ গুলি করেছেন, সেটি তাঁর নামে লাইসেন্স করা। ২০১৬ সালে এ অস্ত্রের লাইসেন্স করা হয়। মেয়াদ শেষে ২০২১ সালে লাইসেন্সটি নবায়ন করেন তিনি।