মামুন খালেদ তৃতীয় দফায় রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গত ২৫ মার্চ আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)ফাইল ছবি: সংগৃহীত

এক মামলায় দুই দফায় ১১ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। জিজ্ঞাসাবাদের জন্য এবার আরও তিন দিন তাঁকে হেফাজতে পেল পুলিশ।

১১ দিন আগে গ্রেপ্তারের পর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের মামলায়।

এই মামলায় মামুন খালেদকে প্রথম দফায় পাঁচ দিন এবং দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। দ্বিতীয় দফার রিমান্ড শেষে আজ সোমবার তাঁকে ঢাকার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক কফিল উদ্দিন। তিনি আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবার চার দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মামুন খালেদের কাছে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তকাজে সহায়ক হবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। সে জন্য তাঁকে পুনরায় হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত তিন দিন রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। তিনি ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন।

আরও পড়ুন

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ২০১১ সালে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি, এই পদে ছিলেন ২০১৩ সাল পর্যন্ত। এরপর ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) উপাচার্যের দায়িত্ব পালন করেন। সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহ-উপাচার্য হয়েছিলেন তিনি।

জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরের ফলপট্টিতে হামলা চালিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ করা হয়েছে, মামুন খালেদের নির্দেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সেদিন আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি চালান। তাতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তাঁর মৃত্যু হয়।

মামুন খালেদকে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায়ও গ্রেপ্তার দেখানোর আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

আরও পড়ুন