দুর্ঘটনায় প্রাণ গেল নারীর, তাঁর তিন শিশুসন্তান ও স্বামী আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন শ ফিট এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় মালবাহী ট্রলির ধাক্কায় সাজেদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া সাজেদা বেগমের তিন শিশুসন্তান, স্বামী, অটোরিকশাটির চালকসহ সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদা বেগমের স্বামী আবদুল করিম (৫০) বলেন, পরিবার নিয়ে তিনি রাজধানীর বনানীর কড়াইল বেদেবস্তিতে থাকেন। তাঁর স্ত্রী পাথর ভাঙার কাজ করতেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা তিন মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পাইকচর গ্রামে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে রওনা দেন। তাঁদের সঙ্গে আরও দুজন গাড়িতে উঠেছিলেন। তাঁরা তিন শ ফিট এলাকায় গেলে তাঁদের গাড়িতে একটি মালবাহী ট্রলি ধাক্কা দেয়।
এতে আবদুল করিম, তাঁর স্ত্রী সাজেদা বেগম, মায়েশা আক্তার (৩), আমেনা বিবি (৭), কোহিনূর পিংকি (১১) নামে তাঁদের তিন মেয়ে, জুলেখা বেগম (৪৫) নামের এক যাত্রী ও তাঁর নাতি রাব্বি (১০) এবং চালক তানহা হাসান (২৬) আহত হন। দুর্ঘটনার পর কয়েক পথচারী তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাজেদা বেগম মারা যান। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে শিশু রাব্বির অবস্থা গুরুতর।
উদ্ধারকারী পথচারী মো. হানিফ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি তিন শ ফিট দিয়ে রূপগঞ্জের ভুলতায় যাওয়ার সময় মালবাহী ট্রলিটি তাতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। দুর্ঘটনার পর পথচারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা সাড়ে ১০টায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য সাজেদা বেগমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলিটি জব্দ করা হয়েছে।