দুই-একজন পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হয়: ডিএমপি কমিশনার
ঢাকা নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় সারা দেশের মানুষ পুলিশের কাজের প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, দু-একজন পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হয়। এই খারাপ কাজের দায়িত্ব পুলিশ নেবে না। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি কমিশনার বলেন, আগুন লাগলে পুলিশ সদস্যরা তিন-চারতলা থেকে কাপড়ের বড় বড় বস্তা মাথায় করে নিচে নিয়ে আসেন। সারা দেশের মানুষ পুলিশের এই কাজের প্রশংসা করেছেন। এ রকম সুযোগ বারবার আসে না। এগুলো মনে রাখতে হবে।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ গ্রামের বাড়িতে গেছেন। তাঁদের বাসাবাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া ছিল ডিএমপির কাঁধে। ডিএমপি সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে। ফাঁকা ঢাকায় এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। এ সফলতার সম্পূর্ণ কৃতিত্ব ডিএমপির।
ডিএমপি দল হিসেবে কাজ করে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের ছুটিতে খুব অল্পসংখ্যক পুলিশ সদস্য ছুটিতে গিয়েছেন। অধিকাংশই যেতে পারেননি। এটা পুলিশের চাকরির বৈশিষ্ট্য। এটুকু ত্যাগ আমাদের করতে হবে। ৩৪ হাজার ফোর্সের (পুলিশ সদস্য) ত্যাগের বিনিময়ে ঢাকা মহানগরীর দুই কোটি মানুষ আরামে ঘুমাতে পারেন।’
ডিএমপি কমিশনার বলেন, এবার রমজানে প্রচণ্ড দাবদাহ ছিল। যেখানে আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকলে শরীরের রক্ত ঘাম হয়ে যায়, সেখানে ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা রোজা রেখে প্রচণ্ড গরমের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন। এটাই হলো পুলিশের ত্যাগ।