খেলার মাঠ প্লট আকারে বিক্রি করছে আবাসন প্রতিষ্ঠান: মেয়র আতিক
জমির দাম বাড়ার কারণে আবাসন প্রতিষ্ঠানগুলো খেলার মাঠ প্লট আকারে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র বলেছেন, প্লট বিক্রির সময় নকশায় খেলার মাঠ ও বাজার দেখিয়েছে তারা। পরে জমির দাম বাড়ায় সেসব জায়গাও বিক্রি করে দিয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী সেই মাঠ ও বাজার উদ্ধার করা হবে।
আজ রোববার দুপুরে আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে পরিবেশদূষণ কমাতে হবে। শহরের স্কুলগুলোতে স্কুলবাস চালু করতে হবে। এর ফলে প্রাইভেট কারের ব্যবহার কমে যাবে। স্কুলবাস সার্ভিস চালু হলে পরিবেশদূষণ কমবে, যানজট কমবে এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বন্ধনও সুদৃঢ় হবে।’
ঢাকা ওয়াসার কাছ থেকে খালগুলো বুঝে পাওয়ার পর সেগুলো উদ্ধারে কাজ করে চলেছেন জানিয়ে উত্তর সিটির মেয়র বলেন, ‘মোহাম্মদপুরের বছিলায় লাউতলা খালে অবৈধ ট্রাকস্ট্যান্ড ছিল, বহুতল মার্কেট ছিল। সেগুলো উচ্ছেদ করে আমরা লাউতলা খাল উদ্ধার করেছি। খালে পানির প্রবাহ নিশ্চিত করেছি। সেখানে এখন নৌকা চলছে।’ তিনি বলেন, ‘আমরা খাল পরিষ্কার করতে গিয়ে জাজিম, বস্তা, ডাবের খোসা, পুরোনো টেলিভিশন, চেয়ার, টেবিলসহ এমন কিছু নেই যা পাইনি। এভাবে খালগুলো নোংরা হচ্ছে ও ভরাট হচ্ছে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।’
প্রকৃতির বিরূপ আচরণের জন্য মানুষই দায়ী উল্লেখ করে মেয়র বলেন, ময়লা ফেলে, পয়ঃবর্জ্য ফেলে ঢাকা শহরের খালগুলো দূষিত করা হয়েছে। খালগুলোতে এখন আর মাছের চাষ করা যায় না; বরং মশার চাষ হয়। প্রকৃতিকে ধ্বংস করার কারণে, দূষণের ফলে প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে।
বাড়ির মালিকদের নিজেদের ভবনে অ্যাট সোর্সে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার আহ্বান জানিয়ে মেয়র আতিকুল বলেন, ‘সবাই যদি নিজেদের বাড়িতে অ্যাট সোর্সে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে পারি, তাহলে শহরের পরিবেশ ঠিক থাকবে, খালের পানিও পরিষ্কার থাকবে। পরিচ্ছন্ন ঢাকা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’
আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম উপস্থিত ছিলেন।