মিরপুর বাঙলা কলেজে এক শিক্ষার্থীর বঁটির কোপে আরেক শিক্ষার্থী আহত
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের আবাসিক হলে পারভেজ খান (২৪) নামের এক শিক্ষার্থীর বঁটির কোপে বুলবুল আহমেদ (২৪) নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার কলেজের প্রিন্সিপাল আবুল কাশেম হলের ৪০২ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
পারভেজ ও বুলবুল—দুজনই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আবাসিক হলের একই কক্ষে থাকতেন। হামলার পর বুলবুলকে উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
আহত বুলবুল প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে পারভেজ অতিরিক্ত বাড়াবাড়ি করত। সে বড় ভাইদের সঙ্গে বেয়াদবিও করত। তাই আমি ধমক দিয়ে বলেছি, ফাইজলামি করছিস কেন। তর্কবিতর্কের একপর্যায়ে আমি বিছানার ঝাড়ু দিয়ে ওকে একটা বাড়ি দেই। পরে ধারালো বঁটি দিয়ে দিয়ে মাথায় কুপিয়ে আমাকে আহত করে পারভেজ।’
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বুলবুলের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দারুস সালাম থানার উপপরিদর্শক বায়জিদ মোল্লা বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে একজন অন্যজনকে আঘাত করেন।