আপিলের অনুমতি পেল রাজউক, হাতিরঝিলের স্থাপনা আপাতত উচ্ছেদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিল
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় হোটেল, রেস্তোরাঁসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বরাদ্দ-নির্মাণ অবৈধ ঘোষণাসহ কয়েক দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওখানকার বিদ্যমান আকৃতি–প্রকৃতি ও অবস্থানের বিষয়ে পক্ষগুলোকে দেওয়া স্থিতাবস্থা চলমান থাকবে।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের লে–আউট প্ল্যানের বাইরে অবৈধ স্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বৈধতা নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০২১ সালের ৩০ জুন হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা, পরামর্শসহ রায় দেন।

হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, ‘হাতিরঝিল’ এলাকায় হোটেল ও রেস্তোরাঁসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বরাদ্দ এবং নির্মাণ সংবিধান, পরিবেশ আইন, পানি আইন এবং তুরাগ নদীর রায় অনুযায়ী বেআইনি ও অবৈধ। ‘হাতিরঝিল’ প্রকল্প এলাকায় বরাদ্দকৃত সব হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ ও এখতিয়ারবহির্ভূত মর্মে এসব বরাদ্দ বাতিল ঘোষণা করা হলো। রায়ের অনুলিপি পাওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সব হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের জন্য নির্দেশ দেওয়া হলো।

এ রায়ের বিরুদ্ধে রাজউক লিভ টু আপিলের পাশাপাশি স্থগিতাদেশ চেয়ে আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ গত বছরের ৭ নভেম্বর ওখানকার বিদ্যমান আকৃতি–প্রকৃতি ও অবস্থানের ক্ষেত্রে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় রাজউকের করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর আজ শুনানি হয়। লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন আইনজীবী ইমাম হাছান। রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

আপিল বিভাগ রাজউকের লিভ টু আপিল মঞ্জুর করেছেন জানিয়ে সংস্থাটির আইনজীবী ইমাম হাছান প্রথম আলোকে বলেন, ‘একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইতিপূর্বে দেওয়া স্থিতাবস্থার আদেশ চলমান রেখেছেন আপিল বিভাগ। ফলে হাতিরঝিলে যেসব স্থাপনা, যেটি যেভাবে আছে—আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেভাবেই থাকবে অর্থাৎ কোনো স্থাপনা উচ্ছেদ করা যাবে না।’