ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৬

হাসপাতালে প্রতিদিন আসছে নতুন ডেঙ্গু রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮। চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ৪১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৭০৯ জন। বাকি ৫৩৭ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, বর্তমানে দেশে ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ২ হাজার ৫৩০ জন। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত ও যত জনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে হয়নি। চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনের প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫৭১ জন। এ বছরের প্রথম ১২ দিনেই মৃত্যু হলো ৪১ জনের।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যায় গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ১০৫ জন মারা যান।