ডেঙ্গুতে একজনের মৃত্যু
নতুন বছরের নবম দিনে ডেঙ্গুতে একজনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৯ জন ও ঢাকার বাইরে ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন ও অন্যান্য বিভাগে ১১৩ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।
এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।