ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটেছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়। ভবনটির চতুর্থ তলায় শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়। পুলিশ বলছে, পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের কারণে ভবনের নিচতলায় হামলা হয়েছে। এখানে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই।

আজ বুধবার সকাল ৯টার দিকে মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এই হামলা হয়
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মিরপুর ১৪ নম্বরের দিক থেকে ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। প্রথমে দলটি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভবনের নিচে থাকা দুজন ব্যক্তি আহত হন। পরে ভবনের নিচের কাচের গেট ভাঙচুর করা হয়।

বৃহত্তর ময়মনসিংহ ভবনের নিচতলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কাফরুল শাখার অবস্থান। ব্যাংকের নিরাপত্তাকর্মী সুমন সর্দার প্রথম আলোকে বলেন, হামলা শুরু হলে তাঁরা ভয়ে ব্যাংকের ভেতরে ঢুকে পড়েন। ৫-১০ মিনিটের মধ্যে ভাঙচুর চালিয়ে চলে যায় হামলাকারীরা। তাঁদের মধ্যে নারী ও পুরুষ সবাই ছিলেন। হামলাকারীদের হাতে লাঠিসোঁটাও ছিল। তবে তারা ভবনের ওপরে উঠতে পারেনি।

মিরপুর ১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনের সামনে পুলিশ
ছবি: প্রথম আলো

হামলা ও ভাঙচুরের বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। তারই অংশ হিসেবে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকার দুটি কারখানায় শ্রমিকদের ভেতরে মতবিরোধ হয়। এক পক্ষ কাজে যোগ দিতে চায়, আরেক পক্ষ চায় না। একপর্যায়ে দুই পক্ষই কারখানার বাইরে বেরিয়ে আসে। পুলিশ মনে করে তারা সড়ক অবরোধ করবে। পরে তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে কাজ করতে চাওয়া পক্ষ ময়মনসিংহ ভবনের নিচে আশ্রয় নেয়। পরে কাজ করতে না চাওয়া শ্রমিকেরা তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন, এতে কয়েকজন আহত হয়েছে। এ সময় ইটপাটকেলের আঘাতে ভবনের কাচ ভেঙে পড়ে।

যারা এ কাজ করেছে, তারা দুষ্কৃতকারী উল্লেখ করে হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার আরও বলেন, যারাই এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা বিচ্ছিন্নভাবে ঘটেছে। এখানে রাজনৈতিক যোগসূত্র তাঁরা দেখছেন না।

বেলা একটার দিকে কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনটির নিচের কাচের টুকরা ও ইটপাটকেল ছড়িয়ে–ছিটিয়ে আছে। ভবনের সামনের অংশের বিভিন্ন জায়গায় ভাঙচুরের চিহ্ন। আর ভবনটির নিচে বিএনপির শতাধিক নেতা–কর্মী অবস্থান করছেন। কার্যালয়ে তালা লাগানো রয়েছে। পুলিশ সদস্যরাও ভবনটির নিচে অবস্থান করছিলেন।