দেশের প্রতি আটজন নাগরিকের একজন ডায়াবেটিসে আক্রান্ত। রোগটি এখন জাতীয় স্বাস্থ্য সমস্যার চেহারা নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে ডায়াবেটিস মোকাবিলা করা সম্ভব নয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ কথা উঠে আসে।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর অনুসারী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে। ১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।
মূল উপস্থাপনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অস্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, কায়িকশ্রম বিমুখতা—এসব কারণে দেশে ডায়াবেটিস বাড়ছে।
আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ১৩ দশমিক ২ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর অর্থ প্রতি আট জন নাগরিকের একজন ডায়াবেটিসে ভুগছেন।
স্বাগত বক্তব্য এনডিএফের মহাসচিব অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ডায়াবেটিস এখন জাতীয় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। এই সমস্যা মোকাবিলায় গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকেই জানেন না যে তাঁরা এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। তিনি বলেন, ‘এত বড় সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। কৃষি, খাদ্যসহ অনেক মন্ত্রণালয়কে ডায়াবেটিস মোকাবিলার কাজে সম্পৃক্ত হতে হবে।’
ডায়াবেটিসে আক্রান্ত মানুষের আরও বেশ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। এর মধ্যে আছে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ। কিছু রোগে জটিলতা বাড়ে। কিডনির কী সমস্যা হয় তা নিয়ে বিস্তারিত বলেন ইবনে সিনা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মুকিত। তিনি বলেন, ডায়াবেটিস ৮ থেকে ১০ বছর অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এটা সহজে মানুষ বুঝতে পারেন না যে তাঁর কিডনি নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে। প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি নিয়মিত কিডনি পরীক্ষা করানো।
অনুষ্ঠানের সভাপতি ও এনডিএফের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘এনডিএফের সব চিকিৎসককে নৈতিক ও মানবিকভাবে পেশাচর্চার কথা বলা হয়েছে। ভালো ডাক্তার মানে এনডিএফের ডাক্তার—বিষয়টিতে আমরা জোর দিয়েছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জিএম মকবুল হোসেন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট প্রতীক ইজাজ।