ঢাকার কয়েকটি এলাকায় কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না, কোথায় কোথায়
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য আগামীকাল ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মোট ১০ ঘণ্টা।
এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডানপাশ), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাগুলোয় উল্লিখিত সময়কালে বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজিশ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগাম দুঃখ প্রকাশ করেছে।