শাহজাদপুরে পুরোনো সীমানাদেয়াল ধসে প্রাণ গেল ৪ বছরের মাহিদের
বিকেলে বাসার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল চার বছর বয়সী মাহিদ হোসেন। হঠাৎ রাস্তার পাশে থাকা একটি পুরোনো সীমান্তদেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মাহিদসহ আরও দুই শিশু। পরে হাসপাতালে নেওয়া হলে মাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজধানীর ভাটারা থানার শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা মৌসুমী বেগম হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিকালে বাসার পাশে রাস্তায় কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল মাহিদ। পরে খবর পাই, সেখানে রাস্তার পাশে বাউন্ডারির পুরোনো দেয়াল ধসে পড়ে আমার ছেলে আহত হয়েছে।’ কিন্তু ঢাকা মেডিকেলে আনার পর কর্তব্যরত চিকিৎসক বলেন, মাহিদ বেচে নেই।’
হাসপাতালে মাহিদের এক প্রতিবেশী জানান, সেখানে একটি বাড়ির পাইলিং শেষে ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই বাড়ির সীমানাদেয়াল ছিল পুরোনো এবং দেয়ালে ফাটা ছিল। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অন্য দুই শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এক বোন ও এক ভাইয়ের মধ্যে মাহিদ ছোট ছিল। তার বাবা হাবিব পেশায় প্রাইভেট কারের চালক। তাঁদের বাড়ি ভোলার সদর উপজেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মাহিদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানাকে জানানো হয়েছে।