বাংলায় ড্যাপ প্রণয়ণ করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছে স্থপতি ইনস্টিটিউট
প্রথমবারের মতো বাংলা ভাষায় ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়ণ করায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। পাশাপাশি নতুন ড্যাপে যুক্ত বিভিন্ন পরিকল্পনা কৌশলের নাম উল্লেখ করে বলা হয়েছে—এর মাধ্যমে ড্যাপ জনবান্ধব হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এই ড্যাপ বাস্তবায়ন করার আগে ‘ঢাকা স্ট্রাকচার প্ল্যান’ অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন ও ইনস্টিটিটিউটের ড্যাপ–বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক ইকবাল হাবিব বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, পরিকল্পনায় এলাকাভিত্তিক জনঘনত্ব বিন্যাস, নগরজীবন রেখা, ট্রানজিটভিত্তিক উন্নয়ন, নাগরিক সুযোগ–সুবিধার মানদণ্ড প্রণয়ন, ব্লকভিত্তিক উন্নয়ন, উন্নয়ন স্বত্ব বিনিময়, হকার ব্যবস্থাপনা নির্দেশনা, ভূমির পুনর্বিন্যাস ও পুনঃ উন্নয়নের মতো বিষয়গুলোর ওপর ড্যাপে গুরুত্বারোপ করায় এটি যুগোপযোগী ও জনবান্ধব হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে—যা সাধুবাদ পাওয়ার যোগ্য।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা ড্যাপ ২৩ আগস্ট অনুমোদন দেয় সরকার। এটি ২০৩৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। নতুন অনুমোদিত ড্যাপ এখনো পর্যালোচনার সুযোগ হয়নি। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে যেসব পর্যালোচনা দেওয়া হয়েছিল সেগুলো অনুমোদিত ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থপতি ইনস্টিটিউটের পর্যালোচনার মধ্যে ছিল ২০৩৫ সালের মধ্যে সবার আবাসন নিশ্চিতকরণের জন্য এলাকাভিত্তিক জনঘনত্ব ও ‘ফ্লোর এরিয়া রেশিও (এফএআর)’ নির্ধারণ করা; বন্যাপ্রবাহ অঞ্চল ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করার ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নিশ্চিত করা; শহরব্যাপী ঢালাওভাবে উন্নয়ন স্বত্ব ক্রয়–বিক্রয়ের সুযোগ রহিত করা ও এ–সংক্রান্ত কার্যকর কাঠামো নির্ধারণ করা প্রভৃতি।
ড্যাপ বাস্তবায়নে রাজউকের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজউক তার বর্তমান কাঠামোয় ড্যাপের মতো বহুমাত্রিক ও কারিগরি পরিকল্পনা বাস্তবায়নে সামর্থ৵বান নয়। আর এ জন্য দ্রুত রাজউককে পেশাজীবী নেতৃত্বের মাধ্যমে পুনগ৴ঠন ও পুনর্বিন্যাসের পরামর্শ দেওয়া হয়েছে।