দুই দিনব্যাপী ৩৫তম জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধকের বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেছেন, দেশের অনেক উন্নতি হয়েছে। এর সঙ্গে সাহিত্য ও সমাজেরও উন্নতি দরকার।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এ উৎসব শুরু হয়। করোনা মহামারির কারণে গত দুই বছর কবিতা উৎসব হয়নি। এবারের উৎসবের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধিতে শ্রদ্ধা জানায় কবিতা পরিষদ। জাতীয় পতাকা, একুশের গান ও উৎসব সংগীতের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়।
কবি আসাদ চৌধুরী বলেন, ‘একটাই ভয়, আমরা যেন ক্রমশ লোভী হয়ে যাচ্ছি, থিতু হয়ে যাচ্ছি। যে সমাজ ভাষা আন্দোলনসহ বড় বড় আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধ করেছে, সে সমাজের কোমরটা ভাঙা। অনুরোধ, জ্ঞানী, গুণী, পণ্ডিত ব্যক্তি—এগুলো নিয়ে একটু ভাববেন। এতে জাতি কিছু দিশা পাবে।’
কাগজের দাম কমানোর আহ্বান জানান কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, কাগজের দাম না কমালে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, জ্ঞানী-গুণীদের বই বেরোবে না। পাঠকের সামনে যাওয়া যাবে না। সরকার অন্তত এদিকে নজর দেবে।
কবিতা উৎসব প্রসঙ্গে এই কবি বলেন, এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কবিরা আসেন, যাঁদের কবিতায় বাংলাদেশের মাটির ঘ্রাণ পাওয়া যায়।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, পৃথিবীর দেশে দেশে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি কবি-লেখকদের ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামেও কবিদের ভূমিকা অনেক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আবহে এবার উৎসব আয়োজিত হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের কবিরা চিরকালই প্রগতির পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানান কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। তিনি বলেন, কবিরা এখানে সম্ভাবনার কথা বলতে এসেছেন। নতুন দিনের কবিকে তাঁর স্বপ্নময় কবিতা দিয়ে অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল জ্বালিয়ে শুভকে জয় করে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। বাংলা ভাষাসহ অন্যান্য ভাষার কবিদের লেখা ও উচ্চারণের মধ্য দিয়ে মহামারি, যুদ্ধ, অশান্ত পৃথিবীর শান্তিপ্রিয় মানুষের পাশে তাঁদের কবিতা অগ্নিশিখা হয়ে জ্বলবে এ উৎসবে।
এবারের উৎসবে ভারত, ভুটান, নেপাল, অস্ট্রিয়া ও ইরান থেকে আমন্ত্রিত কবিরা অংশ নিচ্ছেন।
আরও বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক শিহাব সরকার, কাজল বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান সুলতানসহ প্রমুখ।