রাজধানী ঢাকার রায়েরবাজারে নাশতার খরচের জন্য ময়লার কাজের দখল নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও তাঁর সহকারীর বিরুদ্ধে।
রায়েরবাজারের ঋষিপাড়া, দুর্গামন্দির, পাবনা হাউস ও হোসেন সাহেব গলি এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। দুই দশকের বেশি সময় ধরে ঢাকা উত্তর সিটির অনুমতি নিয়ে সেখানে গ্রামীণ আত্ম উন্নয়ন কেন্দ্র নামের একটি ভ্যান সার্ভিস প্রতিষ্ঠান বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের কাজ করে আসছে। এর মালিক শান্তি রিবেরু নামের এক নারী।
শান্তির অভিযোগ, ৬ এপ্রিল ওই গলিগুলোর কাজ দখলে নিয়েছেন আওয়ামী লীগ নেতা এস এম মনিরুজ্জামান ওরফে মনির এবং তাঁর সহকারী রানা। মনির বলেছেন, এখানকার আয় দিয়ে দলীয় সদস্যদের চা-নাশতা আর অফিসে বসে আড্ডার খরচ মেটানো হয়।
মনিরুজ্জামান ৩৪ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ-১ ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর রানা স্থানীয় বাসিন্দাদের কাছে কাউন্সিলরের আত্মীয় হিসেবে পরিচিত।
নভেম্বরে উত্তর সিটির কাছ থেকে ময়লা সংগ্রহের কাজের অনুমতির নবায়ন পায়নি শান্তি রিবেরুর প্রতিষ্ঠান। তবে সিটি করপোরেশন থেকে বলা হয়েছে, ওয়ার্ডভিত্তিক দরপত্রের মাধ্যমে ময়লার কাজের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগের অনুমতিপ্রাপ্তরাই কাজ চালিয়ে যাবে।
শান্তি রিবেরু বলেন, সম্প্রতি তাঁর কর্মীরা হোসেন সাহেব গলিতে ময়লা নিতে গিয়েছিলেন। দলবল নিয়ে সেখানে যান মনিরুজ্জামান ও রানা। তাঁরা কাজে বাধা দেন এবং কর্মীদের চড়–থাপ্পড় দিয়ে ভ্যান নিয়ে চলে যান। ভ্যানকর্মী রোমান মুঠোফোনে শান্তি রিবেরুকে বিষয়টি জানালে তিনি গিয়ে ভ্যানটি বটতলা পুলপাড় মসজিদের কাছে দেখতে পান। সেখানে চলে আসেন মনিরুজ্জামান ও রানা। দুজনে তাঁকে বলেন, ‘আপনি গাড়ি আর ঢোকাতে পারবেন না। কাজও করতে পারবেন না। আপনের কাজ বন্ধ।’
শান্তি রিবেরুর কর্মীদের গত মার্চ মাসের ময়লার বিল তুলতে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভ্যানকর্মী রোমান বলেন, ১১ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি হোসেন সাহেব গলিতে বিল তুলতে গিয়েছিলেন। তখন লোকজন পাঠিয়ে রানা তাঁকে বটতলা পুলপাড় এলাকায় তাঁর সিমেন্টের দোকানে ডেকে নিয়ে যান। সেখানে বিলের টাকা তুলতে রানা তাঁকে নিষেধ করে দেন। আর পরদিন দুর্গামন্দির গলিতে মনিরুজ্জামান তাঁকে বলেন, তাঁদের হয়ে কাজ করলে বিল তুলতে পারবেন, না হলে যেন বিল না তোলেন।
গত বুধবার (১২ এপ্রিল) জাফরাবাদ পুলপাড়ে গিয়ে দেখা যায়, ভ্যানকর্মী মো. সালামের সঙ্গে হৃদয় তালুকদার ও ইনসান মিয়া নামের আরও দুজন বাসাবাড়ির ময়লা-আবর্জনা সংগ্রহ করছেন। দুপুর ১২টার দিকে তাঁদের সেখানে কাজ করতে দেখা যায়। এর আগে সকালে তাঁরা নতুন ওই চারটি গলির বাসাবাড়ি থেকে ময়লা এনেছেন বলে জানান।
সালাম বলেন, মনির (মনিরুজ্জামান) ও রানা তাঁদের কাজ দিয়েছেন। জাফরাবাদ-১, বটতলা, পুলপাড়, বেকারি গলি ও সেভেন-সি মার্কেট গলির পাশাপাশি তাঁরা নতুন ওই চারটি গলিতে (ঋষিপাড়া, দুর্গামন্দির, হোসেন সাহেব এবং পাবনা হাউস) কাজ শুরু করেছেন।
ওই চারটি গলিতে কত দিন ধরে কাজ করা হচ্ছে জানতে চাইলে সালামের ভাষ্য, ‘ওই এলাকায় নতুন কাজ নেওয়া হইছে। ৬ তারিখ (এপ্রিল) থেইকা কাজ করতাছি।’ আগে সেখানে ‘শান্তি দিদির (শান্তি রিবেরুর) কর্মীরা কাজ করতেন’ বলেও উল্লেখ করেন তিনি।
কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসেন মনিরুজ্জামান। নিজের পরিচয় দিয়ে তিনি বলেন,‘টুকরা টুকরা কাজ। সব দলীয় পোলাপান। সবাই একটু করে কাজ করছে। এতে চা-নাশতা আর অফিসে বসে আড্ডার খরচ চলে।’ সংগঠনের সবাই এর সঙ্গে জড়িত দাবি করে তিনি বলেন, ‘নাম যদিও আমার। কিন্তু সংগঠনের সবাই আছে। পুরাটা সবাই মিইল্যা ভাগজোগ কইরা খাই।’
তাঁর অংশীদার রানা। তিনি কাউন্সিলরের দূরসম্পর্কের আত্মীয় হিসেবে পরিচিত, তবে দলের কোনো পদে নেই। দখলের বিষয়ে রানা প্রথমে বিষয়টি শতভাগ মিথ্যা বলে দাবি করেন। পরে আবার বলেন, ‘ওই দিন বলেছি, দিদি আমি দলীয় ছেলে। আমি আপনার এখান দিয়ে একটু কাজ করব।’ তখন কোনো উচ্চবাচ্য হয়নি বলেও দাবি তাঁর।
শান্তি রিবেরু ক্ষোভ জানিয়ে প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটিতে ওয়ার্ডভিত্তিক দরপত্রের মাধ্যমে ময়লার কাজের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এরপরও স্থানীয় প্রভাবশালী নেতা এবং কাউন্সিলরের অনুসারীরা ময়লার কাজ জোর করে দখল করে নিচ্ছেন।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘তিনিও (শান্তি রিবেরু) দখলের বিষয়টি জানাননি। আর যাঁদের নাম বলেছেন (মনিরুজ্জামান এবং রানা), তাঁরাও কেউ কিছু বলেননি। দখলের ঘটনা যে ঘটেছে, সেটাও জানা নেই। কেউ অভিযোগও করেননি।’
বর্জ্য সংগ্রহকারী ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ শর্ত দিয়েছিল, ময়লা সংগ্রহের কাজ পেতে দরপত্রে অংশ নিতে ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন লাগবে। এই সুযোগে উত্তর সিটির অনেক ওয়ার্ডের কাউন্সিলর কাজপ্রত্যাশী প্রতিষ্ঠান বা ঠিকাদারের কাছে প্রত্যয়নের বিনিময়ে এককালীন টাকা চেয়েছেন বলে অভিযোগ ওঠে।
এ ছাড়া কাউন্সিলরদের বিরুদ্ধে নিজের ভাই, ছেলে কিংবা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রত্যয়ন দেওয়ারও অভিযোগ ওঠে। এ অবস্থায় ভ্যান সার্ভিস প্রতিষ্ঠানের মালিকদের অনেকে উচ্চ আদালতের শরণাপন্ন হন। পরে গত মাসে প্রত্যয়ন ছাড়াই দরপত্র জমা নেওয়ার নির্দেশনা দেন আদালত। তবে ওয়ার্ডভিত্তিক দরপত্রের মাধ্যমে ময়লার কাজের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি।