ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশাভাড়া নির্ধারণের উদ্যোগ ছাত্রলীগের
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিকশাভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। প্রস্তাবিত ভাড়া বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদারক করবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশাভাড়া নিয়ে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। ভাড়া কমানোর জন্য শিক্ষার্থীরা বিভিন্ন সময় দাবি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে যৌক্তিকভাবে রিকশাভাড়া নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। উভয় পক্ষের উপযোগিতা ও স্বার্থ সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশাভাড়া নির্ধারণ করা হয়েছে।
আগামী রোববার থেকে এই ভাড়া কার্যকর করা হবে বলে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। রিকশাভাড়া নির্ধারণের উদ্যোগটি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও কয়েকজন রিকশাচালককে নিয়ে প্রক্টরের কার্যালয়ে যান তিনি। সেখানে ভাড়ার তালিকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হলে তা গ্রহণ করেন প্রক্টর মাকসুদুর রহমান।
তানভীর হাসান সৈকত আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘রিকশাভাড়া নিয়ে প্রায়ই চালকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এটি শোভন কাজ নয়। সে জন্য এর আগেও আমি ডাকসুর পদে থাকার সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে রিকশাভাড়া নির্ধারণ করে দিয়েছিলাম। তবে করোনার জন্য তা কার্যকর হয়নি। এবার দফায় দফায় শিক্ষার্থী ও রিকশাচালকদের সঙ্গে আলোচনা করে ভাড়ার একটি তালিকা করেছি। আজ সেটি প্রক্টর স্যারের হাতে তুলে দিয়েছি। স্যার এটির সঙ্গে সম্মতিজ্ঞাপন করেছেন।’
জানতে চাইলে প্রক্টর মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা প্রক্টর অফিস থেকে পর্যবেক্ষণ ও তদারক করব। প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালককে বাছাই করা হয়েছে। তাঁদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থা করা হয়েছে। এই কার্যক্রম শিগগিরই শুরু হবে। দৃশ্যমান সবকিছু বিবেচনা করে প্রয়োজনে রিকশার সংখ্যা আরও বাড়ানো হবে।’