শ্যামপুরে স্ত্রীর সামনে বাসের ধাক্কায় প্রাণ গেল স্বামীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরের জুরাইন এলাকায় বাসের ধাক্কায় স্ত্রীর সামনে স্বামী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মো. রিয়াজ উদ্দিন (৬৫)। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদীতে।

শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিহাব উদ্দিন বলেন, এ ঘটনায় বাসটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত রিয়াজ উদ্দিনের জামাতা মো. আলামিন বলেন, গতকাল রোববার তাঁর শ্বশুর ও শাশুড়ি তাঁদের শ্যামপুরের জুরাইন এলাকার বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে জুরাইন বাসস্ট্যান্ডে লেগুনায় ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন রিয়াজ উদ্দিন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। রিয়াজের স্ত্রী হালিমা আক্তার ছিলেন তাঁর পেছনে। তাঁর সামনেই দুর্ঘটনাটি ঘটে।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, রিয়াজ উদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।