রাজধানীতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে রাস্তায় গর্ত করে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ মো. সোহেল (৩৫) মারা গেছেন। আজ সোমবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোহেল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শ্রমিক ছিলেন।
গত মঙ্গলবার দিবাগত রাতে ওয়ারীর টিপু সুলতান রোডে ডিপিডিসির লোকজন কাজ করছিলেন। তখন অসাবধানতাবশত গ্যাসের লাইন ছিদ্র হয়ে যায়। এরপর শ্রমিকেরা সিগারেট খেতে আগুন জ্বালালে পাঁচজন দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তারিকুল ইসলাম বলেন, সোহেলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেছেন।
সোহেলের ভগ্নিপতি মনির বলেন, সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল গ্রামে। তাঁর বাবার নাম আবু তাহের। বর্তমানে নীলক্ষেত বই মার্কেটের পাশে বাকুশা মাজার এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।