ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান চলবে: মেয়র তাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস
ফাইল ছবি: বাসস

ভূমিদস্যুদের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েসংলগ্ন খালের বার্ষিক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে ডিএসসিসির মেয়র এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নর্দমাগুলো ঢাকা ওয়াসার কাছ থেকে গ্রহণ করার পর থেকে বার্ষিক সূচি করে বছরের প্রথম থেকেই (জানুয়ারি থেকে) আমরা খালগুলো পরিষ্কারের কার্যক্রম হাতে নিয়ে থাকি। এ বছরের সে কার্যক্রম আজ এখান থেকে আমরা শুরু করছি। কিন্তু খালের দখলদারত্বের আগ্রাসন থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি না। দখল এবং ভূমিদস্যুদের যে আগ্রাসন, এসব কার্যক্রম আমাদের ব্যাহত করছে। আমরা প্রতিনিয়তই এর বিরুদ্ধে কাজ করে চলেছি। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র শেখ তাপস এ সময় বলেন, ‘আমরা তো যথাযথ জরিমানা করছি। কিন্তু তারপরও আসলে যারা ভূমিদস্য, তারা নিবৃত্ত হয় না। যেখানে যেটা অবৈধ দখল পাচ্ছি, সেখানে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। দখলমুক্ত করছি, জরিমানা করছি।’

দখলদারত্বের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘যেখানে আমরা দাঁড়িয়ে আছি—এখানকার দখলদারত্ব সম্পর্কে আমরা পত্রিকার দেখেছিলাম। পত্রিকায় দেখার সাথে সাথেই আমরা কিন্তু পুরোটাই দখলমুক্ত করেছি। দখলমুক্ত করে খালের প্রবাহ আমরা নিশ্চিত করেছিলাম। কিন্তু আজ যখন আবার মাত্র ছয় মাস পরে আমরা এখানে এলাম, তখন দেখছি তারা এখানে স্থায়ীভাবে দখল করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এসবের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা, আমাদের অভিযান চলমান থাকবে। এটাকে আবারও দখলমুক্ত করে খালের প্রবাহ যাতে ঠিক থাকে, সেটা আমরা নিশ্চিত করব।’

এরপর মেয়র দক্ষিণ সিটির ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডে গণশৌচাগার, ৪০ নম্বর ওয়ার্ডে মেয়র সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডে কিউলেক্স মশকনিধন কার্যক্রম এবং ৭১ নম্বর ওয়ার্ডের মুগদা এলাকায় প্রান্তিক জনগণের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।