রাজধানীর লালমাটিয়ায় ছাপচিত্র প্রদর্শনী উৎসব শুরু

প্রদর্শনীতে স্থান পেয়েছে খ্যাতিমান শিল্পী রফিকুন নবীর ছাপচিত্র। রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে এই প্রদর্শনী হচ্ছেছবি: কলাকেন্দ্রের সৌজন্যে

রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শুরু হয়েছে মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী উৎসব। কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও ও কলাকেন্দ্র যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। আজ শুক্রবার (১ মে) শুরু হওয়া এ উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এ সময়ে উৎসবে আলাদা আলাদা শিরোনামে তিনটি প্রদর্শনী হবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

ছাপচিত্রের দুই পথিকৃৎ শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম আজ বিকেলে লালমাটিয়া ডি ব্লকের ৯/৩-এ কলাকেন্দ্রের নতুন ঠিকানায় এ উৎসবের উদ্বোধন করেন। আজ দুটি প্রদর্শনী শুরু হয়েছে। অপর প্রদর্শনীটি শুরু হবে ১২ মে। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলামের পাশাপাশি অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী আবুল বারক আলভী বক্তব্য দেন। আর কিবরিয়া ছাপচিত্র স্টুডিওর পক্ষ থেকে বক্তব্য দেন শিল্পী ফারেহা জেবা। সঞ্চালনায় ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান।

মাসব্যাপী ছাপচিত্র প্রদর্শনী উৎসব উদ্বোধন অনুষ্ঠানে বাঁ থেকে অধ্যাপক আবুল বারক আলভী, শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী রফিকুন নবী ও অধ্যাপক নজরুল ইসলাম। আজ শুক্রবার রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে
ছবি: কলাকেন্দ্রের সৌজন্যে

কলাকেন্দ্রের প্রথম তলায় ‘ছাপাই ছবির পথিকৃৎ’ শীর্ষক প্রদর্শনীতে শিল্পী সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, রফিকুন নবী ও মনিরুল ইসলামের শুরুর দিকের ছাপচিত্রের কাজ প্রদর্শিত হচ্ছে। ২৩ মে পর্যন্ত এ প্রদর্শনী চলবে। আর কলাকেন্দ্রের তৃতীয় তলায় শুরু হয়েছে ‘১৪তম কিবরিয়া ছাপচিত্র মেলা’। দেশের ১৫টি ছাপচিত্র স্টুডিও এ মেলায় অংশ নিচ্ছে। ছাপচিত্রের দুই প্রয়াত অগ্রপথিক শিল্পী সফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ কিবরিয়ার শিল্পকর্মও এখানে প্রদর্শিত হচ্ছে। এ মেলা চলবে ৯ মে পর্যন্ত। সাধারণ মানুষের কাছে ছাপচিত্র তথা শিল্পের বার্তা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ১২ মে থেকে শুরু হবে ‘সমকালীন ছাপচিত্র প্রদর্শনী’। এ প্রদর্শনী আজ শুরু হওয়া ‘ছাপাই ছবির পথিকৃৎ’ শীর্ষক প্রদর্শনীর সঙ্গে ২৩ মে শেষ হবে।