পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি, পরিচর্যা করবে শিক্ষার্থীরা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আগামী ৫ বছরে ৫ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান। এসব গাছের পরিচর্যার কাজে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ শনিবার রাজধানীর উত্তরা এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শফিকুল ইসলাম খান।
শহরের সবুজায়ন কর্মসূচিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটির আওতাধীন বিভিন্ন এলাকায় আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষ রোপণ করা হবে। এরই মধ্যে ৫৫ হাজার গাছ লাগানো হয়েছে। মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ বিভিন্ন এলাকার প্রধান সড়কের সড়ক বিভাজকে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী সরাসরি রোপণ করা গাছের পরিচর্যার কাজে যুক্ত থাকবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে পরবর্তীকালে তাদের বৃত্তির আওতায় আনা হবে। সবাই মিলে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান প্রশাসক শফিকুল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৬–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ অন্যরা।