শেষ হলো ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘উল্লাস ২০২৬: ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, সিজন ২’-এর সমাপনী গত শনিবার গুলশান সেন্ট্রাল পার্কে ক্লাবের বাস্কেটবল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
প্রধান অতিথি জাকারিয়া তাহের খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুলশান ইয়ুথ ক্লাবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সব বয়সী মানুষের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সহজলভ্য, আধুনিক ও পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বহুমুখী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশের ক্রীড়ার মান বৃদ্ধির পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোকে খেলাধুলা, সুস্থ প্রতিযোগিতা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি তাবিথ আউয়াল বলেন, ‘ক্লাবভিত্তিক ক্রীড়া কার্যক্রম নতুন প্রতিভা বিকাশ ও দেশের ক্রীড়াঙ্গনের ভিত্তি শক্তিশালী করে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জেরিন করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড নাবিলা খালিদ।
উৎসবে আটটি ইভেন্টে গোল্ড, চারটিতে সিলভার ও চারটিতে ব্রোঞ্জ জিতে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয় গুলশান ইয়ুথ ক্লাব। অনুষ্ঠান শেষ হয় পার্পল হেজ ও শিল্পী দিঠি আনোয়ারের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এ স্পোর্টসফেস্টে ১৩টি ইভেন্টে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেন।