ঢাকার চার ভবনের অবৈধ অংশ উচ্ছেদ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ভাটারা ও আশুলিয়ায় চারটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে রাজউক
ছবি: সংগৃহীত

ঢাকার ভাটারা ও আশুলিয়ায় চারটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে একটি বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ব্যবস্থা নেওয়া হয়।

রাজউক জানিয়েছে, ভাটারার ছোলমাইদ এলাকায় বুধবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ছোলমাইদ হাইস্কুল রোডে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করা হয়। একই সড়কে নির্মাণাধীন আরেকটি ছয়তলা ভবনেও একই ব্যবস্থা নেন আদালত।

ভাটারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। এ সময় রাজউকের ওই অঞ্চলের অথরাইজড অফিসার ইমরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার আশুলিয়া এলাকায় আরেকটি আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। রাজউকের এই অংশের অথরাইডজ অফিসার মোহাম্মদ নুর আলম জানিয়েছেন, আদালত দুটি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে একটি বাড়ির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নুর আলম বলেন, আশুলিয়ার আনোয়ার জং রোডের নির্মাণাধীন একটি ছয়তলা বাড়ি রাজউকের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছিল। এই বাড়ির একাংশ আদালতের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। বাকি অংশ ভবনমালিক আগামী ৩০ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করবেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন। তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাজউকের এই কর্মকর্তা বলেন, আশুলিয়ার ওই সড়কে নির্মাণকাজ শেষ হওয়া আরেকটি ছয়তলা বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটি নির্মাণে রাজউকের অনুমোদন ছিল। কিন্তু নকশাবহির্ভূতভাবে বাড়ির কিছু অংশ নির্মাণ করা হয়েছিল। ভবনটির অবৈধ সিঁড়ি অপসারণ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে বাকি অবৈধ অংশ অপসারণ করবেন বলে অঙ্গীকার করেছেন ভবনমালিক।