ডেমরায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাড়িতে লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে হালিমা কায়সার ওরফে বকুল (৫৫) নামের এক নারী মারা গেছেন।
গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। হালিমার ছেলে বাপ্পি আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা কোনাপাড়ার মমিনবাগের একটি বাড়ির চতুর্থ তলায় থাকেন। গতকাল রাতে তাঁর মা বাড়ির ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। তিনি গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় হালিমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বলে জানান বাপ্পি আহমেদ। তিনি বলেন, পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।