শুরু হয়েছে ঢাকা বিভাগীয় বইমেলা, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধন করা হয়েছে ঢাকা বিভাগীয় বইমেলা ২০২৩। শনিবার (৭ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমি চত্বরে
ছবি: সংগৃহীত

ঢাকা বিভাগীয় বইমেলার এবারের আয়োজন শুরু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে বাংলা একাডেমি চত্বরে উদ্বোধন হয় মেলার। এবারের মেলার প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সোনার বাংলার স্বপ্নযাত্রা’। 

প্রধান অতিথি হিসেবে বইমেলা উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি জানান, বর্তমানে ৮টি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এরপর অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেলা ও সাংস্কৃতিক উৎসব।

ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাংলাদেশ পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সহসভাপতি কামরুল হাসান শায়ক। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আট দিনের এ বইমেলায় সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। বেসরকারি ৬৫টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং সরকারি ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। মেলায় প্রায় ১০০টি স্টল রয়েছে।

 ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ঢাকা বিভাগীয় বইমেলা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। বাংলা একাডেমি চত্বরে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।