পুলিশের লাঠিপেটার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রীদের প্রতিবাদ

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান। নীলক্ষেত মোড়, ঢাকা। ৬ নভেম্বর ২০২৬ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সে (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নীলক্ষেত মোড়ে মুখে কালো কাপড় বেঁধে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে তাঁদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। তাঁরা এ হামলার নিন্দা জানান এবং এ ঘটনার জন্য কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছাকে দায়ী করেন। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ ক্যাম্পাসে অধ্যক্ষের মদদেই তাঁদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউ নিজেদের নাম-পরিচয় প্রকাশ করেননি। তাঁদের ভাষ্য, নাম-পরিচয় প্রকাশ করলে তাঁরা বিপদে পড়তে পারেন, এই আশঙ্কা থেকেই পরিচয় গোপন রেখে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

শিক্ষার্থীরা কর্মসূচিতে তাঁদের দুই দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং হামলায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া কলেজের অধ্যক্ষ মেহেরুন্নেছাকে সব শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে; তাঁর পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে কোনো ধরনের মৌখিক আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসবেন না বলেও কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়।

এর আগে অধ্যক্ষের পদত্যাগসহ কয়েকটি দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কলেজে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিপেটা করে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এর প্রতিবাদে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার পর থেকে দ্বিতীয় দিনের মতো কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে সকাল থেকে নীলক্ষেত থেকে আজিমপুরগামী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে ক্যাম্পাসে ফিরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, আগামীকালও তাঁদের কর্মসূচি চলবে। এরপর বিকেলে নীলক্ষেত মোড়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী কর্মসূচি পালন করেন তাঁরা।

আন্দোলনরত শিক্ষার্থী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রথমে রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হলেও পরে শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত করা হয়। তবে অনুষ্ঠান শেষ হতে ভোর ৫টা বেজে যায়। নির্ধারিত সময়ের পরও অডিটোরিয়াম ব্যবহার করায় অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরে শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাঁদের কাছে অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

অবরুদ্ধ থাকা অবস্থায় গতকাল সন্ধ্যায় অধ্যক্ষ মেহেরুন্নেছা সাংবাদিকদের বলেন, ‘আমি ওদের একটা অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম রাত ১২টা পর্যন্ত। ওরা ভোর ৫টা পর্যন্ত অনুষ্ঠান করেছে। অনুষ্ঠান করার পরিপ্রেক্ষিতে আমি একটু রেগে গিয়ে ওদের দুজনের আসন বাতিল করে দিয়েছি। পরে ওরা আমার কাছে মাফ চেয়েছে। আমি একটু নমনীয় হয়ে বলেছি, যেহেতু কোনো ডিসিপ্লিন মেইনটেইন (শৃঙ্খলা বজায় রাখা) করেনি, ভবিষ্যতে শৃঙ্খলা বজায় না রাখার জন্য শাস্তির আওতায় আসতে হবে। ওরা লং টাইম (অনেক সময় ধরে) বিদ্যুৎ অপচয় করছে, এই বিলটা ওদের কাছ থেকে আমি নেব। এই জরিমানার নোটিশ আমি দিয়েছি, এটাই আমার অপরাধ।’