সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নবীন প্রজন্মের মুক্তির উৎসব

মাথায় লাল-সবুজ টুপি, হাতে পতাকা, মুখে ‘জয় বাংলা’ স্লোগান। হাজার হাজার শিক্ষার্থী মেতে উঠেছিল মুক্তির উৎসবেছবি: আশরাফুল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথায় লাল-সবুজ টুপি, হাতে পতাকা, মুখে ‘জয় বাংলা’ স্লোগান। হাজার হাজার শিক্ষার্থী মেতে উঠেছিলেন মুক্তির উৎসবে। দেশ গড়ার শপথ নিয়ে দৃঢ় অঙ্গীকারে তরুণ প্রজন্ম দীপ্ত কণ্ঠে ঘোষণা করল—সব বিভেদ ভুলে দেশের সব মানুষকে নিয়ে একটি আলোকিত দেশ ও সমাজ গড়তে নিজেদের নিয়োজিত করবে তারা।

আজ শুক্রবার ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই মুক্তির উৎসব আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। এটি তাদের ২১তম আয়োজন। এতে অংশ নিতে নাম নিবন্ধন করে রাজধানী ও আশপাশের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা গত বছর বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘আউট রিচ’ কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন ও অন্যান্য কার্যক্রমে অংশ নিয়েছিল। আয়োজকেরা জানান, গত ২০০১ সালে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে, প্রামাণ্য নিদর্শনসহ মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে তাঁরা আউট রিচ কর্মসূচি শুরু করেন। পরের বছর ২০০২ সালে শুরু হয় আগের বছর আউট রিচে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে ‘মুক্তির উৎসব’। করোনা অতিমারির কারণে একবার মুক্তির উৎসব হতে পারেনি। এবার উৎসবের প্রতিপাদ্য ছিল ‘আমরা গড়ব সম্প্রীতির বাংলাদেশ’।

সকাল নয়টায় ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির উৎসবের সূচনা হয়। সমবেত নৃত্য পরিবেশন করেন ধ্রুপদ কলাকেন্দ্রের শিল্পীরা। এর আগেই বাসভর্তি শিক্ষার্থীরা উৎসব কেন্দ্রে এসে নাম নিবন্ধন করে উৎসবের কুপন, টুপি ও অন্যান্য সামগ্রী নিয়ে মঞ্চের সামনে আসন গ্রহণ করে। বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান ও বীর মুক্তিযোদ্ধা সংগীতশিল্পী ডালিয়া নওশিন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। শিক্ষার্থীরা অঙ্গীকার করে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বহমান রাখবে। স্বাধীন উদার অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে যে শহীদরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণে রাখবে তারা। দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হবে। তারা সমাজের পিছিয়ে থাকা মানুষের জীবন বিকাশে সহায়তার হাত বাড়াবে। ধর্ম, বর্ণ, লিঙ্গের বিভেদ ভুলে তারা সমতার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক দেশ গড়তে যোগ্য ভূমিকা পালন করবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি ব্যবস্থাপক আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম।

মুক্তির উৎসবের মঞ্চে পরিবেশিত হচ্ছে নৃত্য
ছবি: আশরাফুল আলম

আলোচনা, অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাচ–গানের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের গানে গানে দারুণ জমে ওঠে উৎসব। রাষ্ট্রভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধকালের প্রেরণাজাগানো দেশাত্মবোধক গান, গণজাগরণের গান দিয়েই মূলত সাজানো হয়েছিল শিক্ষার্থীদের পরিবেশনাগুলো, সঙ্গে সমবেত নৃত্য। গানগুলোর মধ্যে ছিল ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি’, ‘মুক্তির মন্দিরে’, ‘আবার তোরা মানুষ হ’, ‘কারার ওই লৌহ কপাট’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘সোনা সোনা সোনা’, ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনার সময় মঞ্চের সামনে থাকা তাদের সহপাঠীরা মাথার টুপি উড়িয়ে, পতাকা দুলিয়ে আর গলা ছেড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ।

ঢাকা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিসা হাসান, মিরপুরের প্রগতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাবিকা বিবা, সরকারি সংগীত কলেজের লোকগীতির প্রথম বর্ষের ইমা ইসলাম, পুরান ঢাকার আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির মো. সিয়াম, যাত্রাবাড়ীর মিতালি বিদ্যাপীঠের এবারের এসএসসি পরীক্ষার্থী অনন্ত সরকারসহ উৎসবে অংশগ্রহণকারী অনেকের সঙ্গে কথা হলো। খুবই আনন্দিত সবাই। এর আগে তারা মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছে। তারা জানাল, পাঠ্যবইয়ে তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে যা পড়েছে, এই কর্মসূচিতে এসে প্রত্যক্ষভাবে তার অনেক কিছু জানতে পেরেছে।

মধ্যবাড্ডা থেকে দুই বাসভর্তি শিক্ষার্থী নিয়ে এসেছিলেন ইউসেফ স্কুলের শিক্ষক মুন্সী ফরিদ আহমেদ। তিনি জানালেন, প্রতিবছর মুক্তির উৎসবে তাঁরা অংশ নেন। ইউসেফে পড়ে শ্রমজীবী শিশুরা। সাধারণত তাদের এ ধরনের উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয় না। আর মুক্তির উৎসব শুক্রবার ছুটির দিনে আয়োজন করা হয় বলে শিক্ষার্থীরা সারা বছর খুবই আগ্রহ নিয়ে এই উৎসবে অংশ নেওয়ার অপেক্ষায় থাকে।

উৎসবের আলোচনা পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য দেন। তাঁর ডানে আছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের। বাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের দুই ট্রাস্টি আসাদুজ্জামান নূর ও মফিদুল হক
ছবি : আশরাফুল আলম

উৎসবের আলোচনা পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার অর্থ হলো সাম্প্রদায়িকতামুক্ত একটি গণতান্ত্রিক দেশ গড়ে তোলা, যেখানে সবার সমান অধিকার থাকবে। ধর্ম যার যার, দেশ সবার। দেশে সবার মৌলিক চাহিদার পূরণ হবে। এখন সেই দেশ গড়ার জন্য তোমাদের দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। মুক্তির উৎসব তোমাদের মধ্যে সেই উদ্দীপনা জাগাবে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, ‘আজ আমরা যে অবস্থানে এসেছি, দেশ স্বাধীন না হলে তা পারতাম না। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও ধর্মবিদ্বেষ ও লোভের বিস্তারের কারণে সমাজে অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই আমরা এবারের উৎসবে সম্প্রীতির বাংলাদেশ গড়ার বিষয়টি প্রতিপাদ্য করেছি।’ তিনি শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা কোনো অনাচার দেখলে, সম্প্রতি বিনাশের চেষ্টা দেখলে রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে।’

আলোচনায় আরও অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, এভারেস্টজয়ী দেশের প্রথম নারী নিশাত মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে আবৃত্তি করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা, আবিদা রহমান সেতু, সন্দীপন ও রিয়াদ হাসান। দলীয় পরিবেশনায় অংশ নেয় বধ্যভূমির সন্তান দল, ইউসেপ বাংলাদেশ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আবদুল্লাহ মেমোরিয়াল হাইস্কুল, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ও ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় তরুণ প্রজন্মের আনন্দঘন মুক্তির উৎসব।