বিএনপির মহাসমাবেশ: যেভাবে তল্লাশিচৌকি পার হলেন তাঁরা
চট্টগ্রামের ফটিকছড়ি থেকে গতকাল রাত ৯টায় ঢাকায় এসে পৌঁছান ওই এলাকার একটি ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোহাম্মদ ফরিদ। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ঢাকায় আসার অভিজ্ঞতার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, তাঁরা তিনজন একসঙ্গে বাসে ঢাকায় এসেছেন। যাত্রাবাড়ী এসে পুলিশের তল্লাশিচৌকিতে পড়েছেন। পুলিশ তাঁদের কাছে জানতে চেয়েছিল, ‘কোথায় যাচ্ছেন?’ জবাবে তাঁরা বলেন, ঢাকায় কাজে যাচ্ছেন। তাঁদের মুঠোফোন তল্লাশি করতে চেয়েছিল। কিন্তু তাঁরা কেউ সঙ্গে মুঠোফোন আনেননি। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। এসব তল্লাশিচৌকি পেরিয়ে ইতিমধ্যে ঢাকায় বিএনপির শত শত নেতা-কর্মী এসেছেন। তাঁদের অনেকে আজ শুক্রবার সকাল থেকে নয়াপল্টন এলাকায় অবস্থান নিয়ে আছেন।
ঢাকাগামী বিভিন্ন দূরপাল্লার যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগপত্র, মালামাল তল্লাশি করছে পুলিশ। সন্দেহ হলে পরিচয়পত্রও যাচাই করছে। মুঠোফোনে, বিশেষ করে ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ঢুকে বিএনপিকে নিয়ে কোনো স্ট্যাটাস, ছবি পোস্ট করা আছে কি না, দেখা হচ্ছে। এমনকি মুঠোফোনের ক্যামেরায় ছবির তালিকায়ও বিএনপির কোনো সভা-সমাবেশের ছবি আছে কি না, তা দেখছে পুলিশ। এমন কিছু পাওয়া গেলে তাঁকে আটক করা হচ্ছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি তাদের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ঢাকায় আগামীকাল মহাসমাবেশ করবে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, বিএনপি এবার শুধু সমাবেশ করে ঢাকা থেকে চলে যাবে বলে তারা মনে করছে না। ফলে এবারের রাজপথ দখলের লড়াই শান্তিপূর্ণ রাখা কঠিন হয়ে পড়তে পারে। তাই বিএনপিকে সর্বাত্মকভাবে ঠেকানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল। বিএনপিকে ঠেকানোর এই কাজ যৌথভাবে করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ লক্ষ্যেই ঢাকার প্রবেশপথগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি।
এসব তল্লাশিচৌকি পেরিয়ে কীভাবে বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন, সেই অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে প্রথম আলো। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাঁরা এসে উপস্থিত হয়েছেন, তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ভোররাতে এসে ঢাকায় পৌঁছেছেন। তাঁদের অনেকেই তল্লাশিচৌকির মুখে পড়েননি। আবার কেউ কেউ পড়েছেনও। তবে লঞ্চে ও ট্রেনে করে আসা কয়েকজন বলেন, কমলাপুর ও সদরঘাটে তল্লাশিচৌকি না থাকায় তাঁরা কোনো বাধার মুখে পড়েননি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে ছয়-সাতজনের একটি দল সকাল সাতটায় ট্রেনে এসে ঢাকায় পৌঁছান বলে জানান ইলিয়াস নামের বিএনপির এক কর্মী। অন্যদিকে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে পাঁচজন একসঙ্গে ঢাকায় এসেছেন। তাঁদের মধ্যে একজন যুবদলের কর্মী আবদুল গনি। ঢাকায় আসার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁরা লঞ্চে করে সকালে সদরঘাটে এসে পৌঁছান।
সাভারে পুলিশের তল্লাশিচৌকির মধ্য দিয়েই ঢাকার আসার কথা জানালেন লালমনিরহাটের সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনজুর আলম। তিনি বলেন, তাঁরা কোনো বাধার মুখে পড়েননি। লালমনিরহাট থেকে ছয়টি বাসে করে একসঙ্গে দুই শতাধিক নেতা-কর্মী এসেছেন। তাঁরা ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকায় এসে পৌঁছান। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবের নেতৃত্বে তাঁরা সবাই একসঙ্গে এসেছেন।
এই দলে জেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম মণ্ডলও ছিলেন। তাঁরাও বললেন, ঢাকায় আসতে তাঁদের কোনো সমস্যা হয়নি।
কুমিল্লা থেকে বাসে করে চার-পাঁচজনের একটি দল ভোররাত চারটায় ঢাকায় এসে পৌঁছায়। এই দলের একজন সদস্য নাঙ্গলকোট উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, গভীর রাত হওয়ার কারণে তাঁদের কোনো তল্লাশিচৌকিতে পড়তে হয়নি।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মোসলেহ উদ্দিন নামের বিএনপির এক কর্মী নয়াপল্টনের মহাসমাবেশ অংশ নিতে ঢাকায় এসেছেন। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, সুবর্ণচর থেকে তিনি প্রথমে নোয়াখালীতে এসেছেন। সেখান থেকে ট্রেনে চড়ে চার-পাঁচজন একসঙ্গে ঢাকায় এসে পৌঁছান আজ সকালে।
বিএনপির মহাসমাবেশ সামনে রেখে গতকাল বৃহস্পতিবার ও আজ ৩৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার পুলিশ। ঢাকায় ঢোকার আগে তল্লাশিচৌকিতে গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় অনেককে আটক করা হচ্ছে। আবার কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ধরে নিয়ে পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।