পুনর্বাসন ছাড়াই হরিজন-তেলেগু কলোনিতে উচ্ছেদ শুরুর অভিযোগ
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পুনর্বাসনের আশ্বাসের পরও রাজধানীর গোপীবাগের টিটিপাড়ায় হরিজন ও তেলেগু কলোনিতে আবারও উচ্ছেদপ্রক্রিয়া শুরুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজধানীর কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল সংযোগ নির্মাণ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় গোপীবাগের টিটিপাড়ায় হরিজন ও তেলেগু কলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণ করে উচ্ছেদ করা পরিবারগুলোকে পুনর্বাসনের প্রতিশ্রুতি ছিল।
পুনর্বাসনের আগে কোনো উচ্ছেদ অভিযান না চালানোর বিষয়ে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন বলেও বিবৃতিতে দাবি করা হয়।
প্রকল্পের কর্মকর্তারা এরপরও নতুন করে আবার উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছেন জানিয়ে বিবৃতিতে দাবি করা হয়, রবি ও সোমবার প্রকল্প কর্মকর্তারা কলোনি এলাকা পরিদর্শন করে নতুন করে আরও অন্তত ২০টি পরিবারকে উচ্ছেদের মৌখিক নির্দেশ দিয়েছেন। উচ্ছেদ অভিযান চালাতে ইতিমধ্যে কলোনি এলাকায় ভেকু মেশিন আনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমন পরিস্থিতিতে কলোনির বাসিন্দারা উচ্ছেদ–আতঙ্কে রয়েছেন। সোমবার সকালে ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু কলোনি পরিদর্শন করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, পরিদর্শনের সময় ঐক্য পরিষদের নেতারা ফোনে প্রকল্প পরিচালক আফজাল হোসেনের সঙ্গে কথা বলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে কলোনির বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তখন কলোনি এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রকল্প পরিচালক।