‘প্রেমিকের মায়ের বকুনির’ পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ঢাকার কামরাঙ্গীরচর থেকে ঝুলন্ত অবস্থায় এক কলেজছাত্রীর (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। এ সময় কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই কলেজছাত্রীর ভাই প্রথম আলোকে বলেন, এক তরুণের সঙ্গে তাঁর বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিকেলে ওই তরুণে মা বাসায় এসে তাঁর বোনকে শাসিয়ে যান। এরপর তাঁরা সবাই বাসার বাইরে যান। সন্ধ্যায় ফিরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে তাঁর বোনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

রাতে যোগাযোগ করা হলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রেমিকের স্বজনেরা এসে মেয়েটিকে বকাঝকা করেন। ধারণা করা হচ্ছে, এতে অপমানিত হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।