ডেঙ্গু জ্বরে হাসপাতালে আরও ২৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু যেন ছড়িয়ে না পড়ে সে জন্য হাসপাতালে মশারি টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে
ফাইল ছবি

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি। আগের দিনও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৭ জন ও ঢাকার বাইরে ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬২ জন ও অন্যান্য বিভাগে ১১৪ জন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন। এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।