ঢাকায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন নয়, পুরো আইনটাই বাতিল করতে হবে। সরকার এই আইনের ভয় দেখিয়ে সাংবাদিকদের লেখার স্বাধীনতা, নাগরিকদের মতপ্রকাশের অধিকার কেড়ে নিতে চাইছে। যাতে মানুষের কষ্টের কথাসাংবাদিকেরা লিখতে না পারে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার এক মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক ও রাজনীতিক ব্যক্তিরা এ কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন এই মানববন্ধন করে।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকালসহ বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন হয়।
এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেন, এই দেশ যে জন্য স্বাধীন করা হয়েছিল, তার সবকিছু আজ পদদলিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যেন একটি দলের হয়ে গেছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা জীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি স্বৈরতন্ত্রের পক্ষ নিয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের সংগঠন স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে। তিনি বলেন, এই সরকার দেশে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে। জনগণকে ভয় দেখিয়ে ঘরে রাখতে চাচ্ছে। অন্যদিকে সাংবাদিকদের ভয় দেখিয়ে লেখার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে।
আয়োজক সংগঠন ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে আরও বক্তব্য দেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ সভাপতি বাছির জামাল ও রাশেদুল হক প্রমুখ।