দুর্ঘটনা কমাতে ৬৮৪ লেগুনায় লুকিং গ্লাস লাগাতে বাধ্য করল পুলিশ
দুর্ঘটনা কমাতে রাজধানীর ওয়ারী এলাকায় চলাচলকারী ৬৮৪টি লেগুনা গাড়ির দুই পাশে লুকিং গ্লাস লাগাতে বাধ্য করেছে পুলিশ। গত তিন দিনে এসব লেগুনায় গ্লাস লাগানো হয়। একই সময়ে গ্লাস না লাগানোয় ৪৩টি লেগুনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি যেসব লেগুনার গাড়ির চালকদের লাইসেন্স নেই, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগ বলছে, লেগুনাগুলো কাপ্তান বাজার, দয়াগঞ্জ, জুরাইন, পোস্তগোলা, লাল মসজিদ, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, মুন্সিখোলা, যাত্রাবাড়ী, কাজলা, স্টাফ কোয়ার্টার এলাকায় যাত্রী আনা–নেওয়া করে। লেগুনাগুলোর দুই পাশে লুকিং গ্লাস না থাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটত।
ওয়ারী ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আশরাফ ইমাম প্রথম আলোকে বলেন, লেগুনার চালক ও মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরও যাঁরা লেগুনার দুই পাশে লুকিং গ্লাস লাগাননি, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।