থানা এলাকার প্রতিটি অলিগলিতে ওসিদের পদচারণ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীছবি: ডিএমপি নিউজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যেকোনো সমস্যা তাৎক্ষণিক মোকাবিলা করার জন্য থানা এলাকার প্রতিটি অলিগলিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদচারণ থাকতে হবে। ভুক্তভোগী বা পুলিশি সেবাপ্রত্যাশী সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। থানায় কর্মরত অধীন সবাইকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে।

আজ সোমবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে ডিএমপির ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথাগুলো বলেন।

ওসিদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন, তত বেশি তথ্য পাবেন। এ জন্য ওসিদের থানার প্রতিটি অলিগলিতে ঘুরতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নেওয়া যাবে। মামলাযোগ্য সব ঘটনায় যথাসময়ে মামলা নিতে হবে।’

থানা এলাকার নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘অযথা যেসব মাইক্রোবাস বা প্রাইভেট কার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোরবেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শুনে সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিনকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের প্রশংসা করেন কমিশনার। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারা এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও নিজ জীবনের ঝুঁকি নিয়ে চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেপ্তার করেছিলেন এএসআই মেসবাহ। এ ছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার করায় তাঁদেরও পুরস্কৃত করা হয়।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলামসহ ডিএমপির সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।