মোহাম্মদপুরে মধ্যরাতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্বজনের ভাষ্য, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল মুন্নাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মুন্নার মেয়ে আনিছা বেগম জানান, তাঁর বাবা গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন। বাসায় ফেরার কিছুক্ষণ পর তিনি আবার বাইরে যান। এরপর তাঁরা দুর্ঘটনার খবর পান।
মুন্না সপরিবার মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিহারি ক্যাম্প এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম মইন উদ্দিন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে আছে।