তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টপ্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় বিদ্যুতের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে জহিরুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিহত জহিরুলের বাবা মৃত রফিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নাগেরগাঁও গ্রামে। জহিরুল উত্তর বাড্ডার বাগানবাড়ি এলাকার হারুন মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

মেজবাহ উদ্দিন জানান, জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ ফোন পেয়ে গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মধ্য বাড্ডার বৈশাখী সরণির একটি রাস্তার বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে জহিরুলের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই মেজবাহ উদ্দিন বলেন, ওই তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিদ্যুতের খুঁটি থেকে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।