ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটফাইল ছবি

রাজধানীর ভাটারায় সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে বিস্ফোরণের আগুনে দগ্ধ তিনজনের মধ্যে দুজন মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন শাহিন (২৫) ও তাঁর ভাগনি হাফসা (৮)। আজ শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশু হাফসা মারা যায়। আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান আনোয়ার।

আজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি প্রথম আলোকে বলেন, হাফসার শরীরের ৪০ শতাংশ ও আনোয়ারের শরীরের ৫০ শতাংশ পুড়েছিল।

একই ঘটনায় দগ্ধ আনোয়ারের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, ফাহিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিনি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার ভোরে ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাড়ির নিচতলায় গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণের পর আগুন ধরে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

ভুক্তভোগীসহ প্রতিবেশীদের ধারণা, কোনোভাবে সিলিন্ডারের ছিদ্র থেকে গ্যাস বেরিয়ে তাতে আগুন লেগে গিয়েছিল।

আনোয়ার ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তিনি ছয় মাস আগে বিয়ে করে স্ত্রী ফাহিমাকে নিয়ে ভাটারার ভাড়া বাসাটিতে উঠেছিলেন। ঘটনার আগে ভাগনি হাফসা তাঁদের বাসায় বেড়াতে এসেছিল।