অবরোধের সমর্থনে বাংলামোটরে ছাত্রদলের মিছিল, ২ নেতাকে আটকের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাংলামোটর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে ছাত্রদল। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন আজ বুধবার রাজধানীর বাংলামোটর এলাকায় মিছিল বের করেছে ছাত্রদলের একদল নেতা-কর্মী। ছাত্রলীগ ও পুলিশ মিছিলে ব্যাপক লাঠিপেটা করে। একপর্যায়ে ছাত্রদলের দুই নেতাকে ছাত্রলীগ পুলিশের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

আজ বুধবার বেলা দুইটার পর অবরোধের সমর্থনে বাংলামোটর মোড় থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এই কর্মসূচি থেকে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব ‘রাজবন্দীর’ মুক্তি দাবি করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘মিছিলের শেষ দিকে পুলিশ ও ছাত্রলীগ জড়ো হয়ে বাধা দেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের দুই নেতাকে নির্যাতন করে পুলিশে দেয়। ওই দুই নেতা হচ্ছেন সংগঠনের হাতিরঝিল থানা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে মীম ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক। এ ছাড়া পুলিশ ও ছাত্রলীগের হামলায় আমাদের আট নেতা-কর্মী আহত হয়েছেন৷’

ছাত্রদলের এই কর্মসূচিতে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান ও আকতারুজ্জামান, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম ও রেহানা আক্তার, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল,  নাহিদুজ্জামান শিপনসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।