যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ পদচারী-সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্ঘটনার সময় অটোরিকশাটি থেমে ছিল।
নিহত দুজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক আকবর হোসেন (৪০) ও অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকা মো.হাসান (৩০)। আহত ব্যক্তি হলেন সোহেল (৩৫)।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন গুরুতর আহত হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহত সোহেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পিকআপ ভ্যান জব্দ করার পাশাপাশি এর চালক ও তাঁর সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।