বাথরুমে বিস্ফোরণে দগ্ধ স্কুলছাত্রী সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শনির আখড়া এলাকার ম্যাপ

রাজধানীর শনির আখড়া এলাকার একটি বাসার বাথরুমে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। সে স্থানীয় শেরেবাংলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ মৌমিতা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরীর শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা সংকটাপন্ন।

ওই কিশোরীর মা জানান, শনির আখড়ার এক নম্বর সড়কের একটি টিনশেড বাসায় থাকেন তাঁরা। রোববার রাত পৌনে একটার দিকে হঠাৎ মেয়ের কাতর চিৎকার শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। এরপর বাথরুমে গিয়ে দেখেন, মেয়ের সারা শরীরে আগুন। এটা দেখে সঙ্গে সঙ্গে পানি ঢেলে আগুন নেভান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান।

মেয়েটির কাছ থেকে শোনা ঘটনার বর্ণনায় তার পরিবারের সদস্যরা জানান, বাথরুমে ঢুকে বৈদ্যুতিক বাতির সুইচ চাপতেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায়।

পরিবারের ধারণা, বাথরুমে গ্যাস জমে ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে সেই গ্যাস আগুনের স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে বিস্ফোরিত হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, গুরুতর দগ্ধ অবস্থায় এক কিশোরীকে জরুরি বিভাগে আনা হয়েছিল। শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ফিমেল হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) পাঠানো হয়।