কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ‘প্রস্তাবের’ প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ফিরিয়ে দেওয়ার আলোচনার মধ্যে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। ১০ আগস্ট ২০২৬ছবি: প্রথম আলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ ফিরিয়ে দেওয়ার আলোচনার মধ্যে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থীরা এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখার দাবি এবং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে শাঁখারী বাজার, জনসন রোডের দিকে যায়। রায়সাহেব বাজার মোড় ঘুরে আবার ক্যাম্পাসে এসে মিলিত হয়।

এ সময় আন্দোলনকারীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’, ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে মেধা, যোগ্যতা ও পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এ পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগপ্রক্রিয়া ফিরিয়ে দেওয়া হলে স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বলেন, দেশের লাখো নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী দীর্ঘ সময় ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। তাঁরা মেধাভিত্তিক নিয়োগব্যবস্থার ওপর আস্থা রেখে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামোতে কোনো পরিবর্তন আনার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণ করা প্রয়োজন।

বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন বলেন, ‘এনটিআরসিএর নিয়োগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি, একটি বিশেষ মহলকে সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কালক্ষেপণ না করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান করছি।’

বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত শিক্ষক নিয়োগে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখা, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং এ বিষয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের উদ্বেগ বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।