মোহাম্মদপুরে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ
রাজধানীর মোহাম্মদপুরে হুমায়ুন রোডের মনা মোটরস সার্ভিসিং সেন্টারে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে প্রতিষ্ঠানটির মালিক ও সাত কর্মচারী দগ্ধ হয়েছেন।
আজ সোমবার বেলা দুইটার দিকে এই বিস্ফোরণ হয়। পরে বিকেল চারটার দিকে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের জরুরি বিভাগে আনা হয়।
দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন মনা মোটরসের মালিক মো. মনা (৪০) ও কর্মচারী মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), জনি (৩৫), আকাশ (২৫), আজাদ (৫৫), তারেক রহমান (২৩) ও ইরফান (১১)। এঁদের মধ্যে মো. মনা ও কর্মচারী ইরফানের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসা মো. আরমান বলেন, সার্ভিসিং সেন্টারে রাখা একটি প্রাইভেট কারের গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এতে সার্ভিসিং সেন্টারের মালিকসহ কর্মরত কর্মচারীরা দগ্ধ হয়েছেন। পরে তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে।
এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সার্জন শাওন বিন রহমান বলেন, আটজনের মধ্যে তিনজনের শরীরে ১২ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের ১ থেকে ৩ শতাংশ দগ্ধ হয়েছে।