ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। ঢাকা, ৫ জুলাই
ছবি: প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬২। আর চলতি জুলাইয়ের প্রথম পাঁচ দিনে মৃত্যু হলো ১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩৮২ জন। আর বাকি ২০২ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি।

বর্তমানে দেশে ১ হাজার ৯১১ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ১ হাজার ২৮৫ জন। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ১০ হাজার ৪৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জন মারা যান।

ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে দেরিতে ভর্তির কারণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। এ বছর ডেঙ্গুতে যাঁরা মারা গেছেন, তাঁদের ৮০ শতাংশের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির এক থেকে তিন দিনের মধ্যে। ডেঙ্গুতে মারা যাওয়া ৫০ জনের তথ্য পর্যালোচনা করে এটা জানতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। পর্যালোচনায় আরও দেখা গেছে, মৃত ব্যক্তিদের বড় অংশ কর্মক্ষম। আর বেশি মারা যাচ্ছেন নারীরা।

আরও পড়ুন