বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি এবং যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারের গাড়ি, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।