‘দুই দিন পরে হোক, তিন দিন পরে হোক, এরা ঠিকই বইব’

ফুটপাতের ভাসমান ব্যবসায়ীদের দোকান ও মালামাল জব্দ করে পুলিশ। ১ এপ্রিলছবি: প্রথম আলো

‘এরা গরিব মানুষ। মনে করেন, হাজার হাজার দোকান। এই যে এই জিনিসগুলান নষ্ট হইতেছে। আবার তো তারা ঠিকই বইব (বসবে)। দুই দিন পরে হোক, তিন দিন পরে হোক, এরা ঠিকই বইব। এরা কই (কোথায়) যাইব।’ কথাগুলো বলছিলেন রাজধানীর যাত্রাবাড়ী মোড়ের ভাসমান এক ফল ব্যবসায়ী।

আজ বুধবার সকাল থেকে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই বিশেষ অভিযানে দোকান হারিয়েছেন এই ফল ব্যবসায়ী।

তবে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করলে জনগণের ভোগান্তি হয়, সেটি স্বীকার করে ভাসমান এই ব্যবসায়ী বলেন, ‘সরকার যদি উদ্যোগ নিয়া একটা সাইড করে ডিসপ্লে করে দিত, তাইলে সুন্দর হতো জিনিসটা।’

ভ্রাম্যমান আদালত দেখতে পেয়ে অনেক ভাসমান দোকানি নিজেদের জিনিসপত্র সরিয়ে নেয়। ১ এপ্রিল
ছবি: প্রথম আলো

এই ব্যবসায়ীর কথার পরিপ্রেক্ষিতে জবাব দেন ডিএমপির ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহেল বাকী। তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন সময় আপনাদের বলা হয়েছিল, একটা পাশে আপনারা সুন্দরভাবে বসেন। বাকিটা খোলা রাখেন, যেন জনসাধারণ হাঁটতে পারে, যানবাহন চলাচলে কোনো ক্ষতি না হয়।…আপনারা তা করেন না। আপনারা সড়কে দুই–তিন লাইন করে বসেন। ফুটপাত আটকে রাখেন।’

আজ বেলা ১১টার পর ডিএমপির (ট্রাফিক) ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আজাদ রহমানের নেতৃত্বে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণির ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হয়। এ সময় ফুটপাতের ভাসমান ব্যবসায়ীদের দোকান ও মালামাল জব্দ করে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, পুলিশের একটি দল শহীদ ফারুক সরণি সড়কের দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় গিয়ে অবৈধ স্থাপনা পেলে তা সরিয়ে নেওয়ার জন্য বলছে। কোনো কোনোটি পুলিশের সদস্যদেরকেই সরিয়ে নিতে দেখা যায়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করায় সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুর রহমান।

বেলা তিনটার দিকে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে সড়কে বসে ফল বিক্রি করছেন ভাসমান ব্যবসায়ীরা। ১ এপ্রিল
ছবি: প্রথম আলো

শহীদ ফারুক সরণিতে অভিযান শেষ করে দুপুর ১২টার দিকে পুলিশের দলটি যাত্রাবাড়ী মোড়ের ফল মার্কেটে আসে। তবে আগে থেকেই খবর পেয়ে ভাসমান ব্যবসায়ীদের অনেককে ব্যবসা গুটিয়ে ফেলতে দেখা যায়। এ সময় মালামাল নিয়ে তাঁরা পাশের একটি পার্কে অবস্থান নেন। তবে ভাসমান দোকানগুলোর পড়ে থাকা জিনিসপত্র পুলিশ সরিয়ে নেয়।

ডিএমপির উপকমিশনার মো. আজাদ রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই অভিযান শুরু হয়েছে, বিশেষ করে সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে পথে চলাচল করতে পারে, সে জন্য। ফুটপাতে যেসব দোকানের এক্সটেনশন আছে, তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এর আগে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। যাঁরা মানেননি, তাঁদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান চলমান থাকবে।’

এদিকে বেলা তিনটার দিকে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে সড়কে বসে ফল বিক্রি করছেন ভাসমান ব্যবসায়ীরা।