রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন পোশাক কারখানায় কাজ করতেন।
নাজিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সিএনজিচালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, নাজিম উদ্দিন মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। নাজিম উদ্দিন ধাক্কা খেয়ে তাঁর অটোরিকশার সামনে এসে পড়ে গুরুতর আহত হন।
আনোয়ার হোসেন বলেন, নাজিম উদ্দিনকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নাজিম উদ্দিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।