মেট্রোরেলের সঙ্গে ঢাকা নগর পরিবহনের যাত্রীসেবা সমন্বয় করা হবে: তাপস
মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের জন্য ঢাকা নগর পরিবহনের যাত্রীসেবা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক যাত্রাপথে বাস থামার স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।
মেয়র বলেন, ‘এই শাহবাগ একটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ত এলাকা। এখানে যেহেতু মেট্রোরেল থেকে যাত্রী নামার ২টি স্থান হবে, এর সঙ্গে যদি ঢাকা নগর পরিবহনের যাত্রীসেবাটা সমন্বয় করতে পারি, তাহলে সব ক্ষেত্রেই যাত্রীরা মানসম্পন্ন সেবা পাবেন। এই সমন্বয় করার জন্যই আমরা এসেছি এবং আমরা দেখেছি, এখানে সাংঘর্ষিক কিছু হচ্ছে না। এখানে সুন্দরভাবে সমন্বয় করে কাজটি করা যাবে।’
মেট্রোরেলের কাজ সম্পন্ন হওয়ার পর শাহবাগে দুটি বাস-বে বা যাত্রীছাউনি নির্মাণ করা হবে জানিয়ে তাপস বলেন, ‘এখানে হাঁটার পর্যাপ্ত জায়গা রাখা হবে এবং একটি সারি সম্পূর্ণরূপে বাসের জন্য রাখা হবে। মেট্রোরেল থেকে যাঁরা নামবেন, তাঁরা যেন স্বাচ্ছন্দ্যে বাসের সেবা নিতে পারেন এবং অন্যান্য গন্তব্যস্থলে যেতে পারেন, সে জন্য এখানে দুটি যাত্রীছাউনি হবে। একটি এপারে এবং আরেকটি ওপারে। মেট্রোরেলের কারণে যাত্রীছাউনি দুটি নির্মাণে আমাদের একটু সময় লাগবে। আপাতত এখানে যাত্রীছাউনি নির্মাণ করব না। মেট্রোরেলের কাজ সম্পন্ন হলে দুটি যাত্রীছাউনি চালু করব।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘ঢাকা শহরের সবকিছুর পরিচালনা একটি সূচির আওতায় আসতে হবে। সে লক্ষ্যে আমরা একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা মনে করি, সংশ্লিষ্ট সবাই আমাদের সহায়তা করবে। কারণ, ঢাকাকে আমরা একটি সুষ্ঠু সময়সূচির মাধ্যমে পরিচালনা করতে চাই। এটাই সারা বিশ্ব করে। প্রতিটি শহরের একটি সময়সূচি থাকে। কিন্তু ঢাকা শহরের কোনো সময়ই কোনো সময়সূচি ছিল না। এটাই আমরা চাচ্ছি—ঢাকার একটি সময়সূচি নির্ধারিত হবে। এ লক্ষ্যে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আগামী সেপ্টেম্বর থেকে এটি পুরোপুরি কার্যকর হবে। আমি আশা করব, সবাই এ ব্যাপারে সহযোগিতা করবেন।’
আরেক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘ওষুধের দোকান এবং ওষুধ সেবাকে আমরা সর্বোচ্চ সময় দিয়েছি। অলিগলি, বিভিন্ন এলাকায় সেগুলো আমরা ১২টা পর্যন্ত খোলা রেখেছি। আর যেগুলো হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোকে আমরা দুইটা পর্যন্ত খোলা রেখেছি। আমরা মনে করি, এটা যথেষ্ট। সর্বোচ্চ সময় ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতকে দেওয়া হয়েছে।’ এরপর মেয়র আদি বুড়িগঙ্গা চ্যানেলে চলমান পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, গণপরিবহন বিশেষজ্ঞ এস এম সালেহ উদ্দিন, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ উপস্থিত ছিলেন।