রাজউক উত্তরা মডেল কলেজে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক কর্মশালা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজউক উত্তরা মডেল কলেজে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিআরটিএর কর্মকর্তা মো. মাসুদ আলম। ১৩ অক্টোবর ২০২৬ছবি: বিআরটিএর সৌজন্যে

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রাক্রসিংয়ের ব্যবহার এবং গণপরিবহনে যাত্রীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা বিভাগীয় কার্যালয়ের অধীন ঢাকা মেট্রো-৩ সার্কেল এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তোলা গেলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্ব-কর্তব্য এবং সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ সড়ক অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে বিআরটিএর উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় অতিথি ও শিক্ষার্থীরা। ১৩ অক্টোবর ২০২৬
ছবি: বিআরটিএর সৌজন্যে

কর্মশালায় শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরে। এ সময় বিআরটিএর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং সড়ক নিরাপত্তাবিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বিআরটিএর ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবেল হক, বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মঈনুল ইসলাম, মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খান এবং ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের ব্যবস্থাপক মাইনুল হোসেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয় রাজধানীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করছে। গত ৫ অক্টোবর থেকে আজ পর্যন্ত রামপুরার একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়, ফরিদাবাদ উচ্চবিদ্যালয়, ডগাইর দারুসসুন্নাত ফাজিল (বিএ) মাদ্রাসা, যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কুসুমবাগ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি পালিত হয়েছে।

এ ছাড়া আগামী বৃহস্পতিবার মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয় ও উত্তরার তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের বালক ক্যাম্পাসে এবং ২৭ অক্টোবর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের কথা রয়েছে।